চার বছর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের আগে দেওয়া আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন। তবে এবার আন্তর্জাতিক ফুটবলে নিজের যোগ্যতা ইতালি থেকে অস্ট্রেলিয়ায় পরিবর্তন করার ঠিক কয়েক দিনের মাথায় অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন ২২ বছর বয়সী অ্যাটাকিং ক্রিস্টিয়ান ভোলপাটো।
সোমবার অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। ভোলপাটো এবং স্ট্রাইকার টেটে ইয়েনগিসহ মোট ১৭ জন খেলোয়াড় এই প্রথমবার বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন।
সিডনিতে জন্ম নেওয়া ভোলপাটো এর আগে ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। তবে ফিফার নিয়ম অনুযায়ী, ইতালির সিনিয়র জাতীয় দলের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলায় তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন এবং গত সপ্তাহেই তার দল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হয়। কাকতালীয়ভাবে, এবারের বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি।
ভোলপাটো গত সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলসে সকারুজদের ক্যাম্পে যোগ দিলেও, প্যাসাডেনায় মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হেরে যাওয়া প্রস্তুতি ম্যাচটিতে মাঠে নামার সুযোগ পাননি।
ভোলপাটোর প্রতিভা নিয়ে প্রশংসায় মেতেছেন কোচ টনি পপোভিচ, "সে অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। সিরি আ-তে সে বেশ ভালো করছে। টেকনিক্যালি সে দারুণ, তার বাঁ পা চমৎকার এবং চাপের মুখেও সে দারুণ সাবলীল। আমি তার সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।"
ভোলপাটোর অন্তর্ভুক্তিকে ভবিষ্যতের দল গঠনের অংশ মনে করা হলেও কোচ পপোভিচ এখনই বড় স্বপ্ন দেখছেন, "অনেকেই বলতে পারেন এই দলটা ভবিষ্যতের দিকে তাকিয়ে গড়া হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের এখনই প্রত্যাশা উঁচুতে রাখা উচিত। আমাদের দলে অনেক তরুণ উদ্যম এবং রোমাঞ্চকর প্রতিভা রয়েছে। চার বা আট বছর পর তারা আরও ভালো করবে এতে কোনো সন্দেহ নেই, তবে তার মানে এই নয় যে তারা এখন ভালো করার মতো যোগ্য নয়।"
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে অস্ট্রেলিয়া আগামী শনিবার সান ডিয়েগোতে সুইজারল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৩ জুন ভ্যাঙ্কুভারে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপ 'ডি'-তে সকারুজদের বাকি দুই প্রতিপক্ষ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র (১৯ জুন, সিয়াটল) এবং প্যারাগুয়ে (২৫ জুন, সান্তা ক্লারা)।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
-
গোলরক্ষক: ম্যাট রায়ান, প্যাট্রিক বিচ, পল ইজ্জো।
-
রক্ষণভাগ (ডিফেন্ডার): আজিজ বেহিচ, জর্ডান বস, ক্যামেরন বার্গেস, আলেসান্দ্রো চিরকাতি, মিলোস দেগেনেক, জেসন গেরিয়া, লুকাস হ্যারিংটন, জ্যাকব ইতালিয়ানো, হ্যারি সাউটার, কাই ট্রুইন।
-
মধ্যমাঠ (মিডফিল্ডার): ক্যামেরন ডেভলিন, জ্যাকসন আরভাইন, কনর মেটকাফ, ম্যাথিউ লেকি, পল ওকন-এংস্টলার, এইডেন ও'নিল।
-
আক্রমণভাগ (ফরোয়ার্ড): আইদিন হ্রুসটিচ, নেস্টোরি ইরানকুন্ডা, আওয়ার মাবিল, মোহাম্মদ তুরে, নিশান ভেলুপিল্লাই, ক্রিস্টিয়ান ভোলপাটো, টেটে ইয়েনগি।