বিশ্বকাপ থেকে ফিফার আয় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা!

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

এবারের বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে ফিফা, যা টুর্নামেন্ট শুরুর আগের সব লক্ষ্যমাত্রাকে বিশাল ব্যবধানে ছাড়িয়ে গেছে। বাংলাদেশী মুদ্রায় এই আয় ১ লাখ ৮৬ হাজার কোটি টাকা।

শনিবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এই অভাবনীয় আয়ের কথা অবহিত করেন। শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এই আসর থেকে ১১ বিলিয়ন ডলার আয়ের প্রাক্কলন করেছিল। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আয়ের এই বিশাল উল্লম্ফনের পেছনে মূল ভূমিকা রেখেছে হসপিটালিটি প্যাকেজ এবং টিকিট বিক্রি। বিশেষ করে চড়া মূল্যের সেকেন্ডারি টিকিট মার্কেট বা পুনঃবিক্রয় বাজার ফিফার তহবিলে বিপুল অর্থ এনে দিয়েছে। এই সেকেন্ডারি মার্কেটে টিকিট কেনাবেচার ক্ষেত্রে ফিফা ক্রেতার কাছ থেকে ১৫% এবং বিক্রেতার কাছ থেকে ১৫%—অর্থাৎ মোট ৩০% কমিশন কেটে নেয়।

বিশ্বকাপের এই বর্ধিত আয়ের ভাগ ফিফার সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোও পাবে, যদিও এর বিস্তারিত বণ্টন প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি। তবে এই আর্থিক সাফল্য ইনফান্তিনোর জন্য একটি বড় স্বস্তি হিসেবে এসেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে গত এক মাস ধরে চলা নানা বিতর্কের পর এই রেকর্ড আয় ফিফা প্রধান হিসেবে তার অবস্থানকে আরও সুসংহত করবে।

এর আগে, শেষ ১৬-র ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ড প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। অনেকেই মনে করছেন, ফিফা এখানে ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছে। যদিও ফিফা দাবি করেছে এই সিদ্ধান্ত তাদের স্বাধীন ডিসিপ্লিনারি কমিটির, ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে এটি নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। তা সত্ত্বেও, আগামী মার্চের পুনঃনির্বাচনে ইনফান্তিনো ইতিমধ্যেই ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছ থেকে ২০০-র বেশি সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। বিশ্বকাপের এই বাম্পার আয় থেকে অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা থাকায় অসন্তুষ্ট অ্যাসোসিয়েশনগুলোও এখন প্রকাশ্যে কোনো বিরোধিতায় যাবে না বলে ধারণা করা হচ্ছে।

আর্থিক দিক থেকে এমন অভাবনীয় সাফল্য ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। ২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজক হওয়া নিয়ে ফুটবল মহলে আলোচনা চলছে। গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পও আমেরিকার এই আগ্রহের কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, "আপনাদের আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকেই বেছে নেওয়া উচিত। তবে এবার আমরা কানাডা এবং মেক্সিকোকে বাদ রাখব।" এছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত