আনোয়ারায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার অন্যতম আসামি মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ জুন) দুপুরে গণমাধ্যমকে ফারুককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী।

রবিবার (৩১ মে) রাতে জেলার রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ফারুক (২৪) আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা হাড়িয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। গত ২৭ এপ্রিল রাত ১০টার দিকে ওই শিক্ষার্থী খালার বাড়ি থেকে পার্শ্ববর্তী এলাকায় খালাতো বোনের বাড়ি যাচ্ছিল। পথে স্থানীয় একটি দোকানে শিশুটিকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে বিষয়টি জানানোর পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। গত ২ মে ঘটনায় জড়িত চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। এরপর থেকেই আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জুনায়েত চৌধুরী জানান, পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় এই মামলার অন্যতম আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।