আত্মগোপনে থাকা ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌথ অভিযান চালিয়ে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজিম উদ্দিন (৫৫) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মৃত মনিরুজ্জামানের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাটিয়ারী ইউনিয়ন শাখার সভাপতি।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও নাশকতার অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার আসামি নাজিম উদ্দিন। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকা থেকে নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত