বোর্ড পরিচালনা সংক্রান্ত অনিয়মের কারণে কয়েক দিনের আগে ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার অর্থায়ন স্থগিত করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবার আইসিসির সদস্যপদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দেশটির। রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ক্রিকেট কানাডার সদস্যপদ স্থগিত করা হলেও আইসিসি আশ্বস্ত করেছে যে, এর প্রভাব খেলোয়াড়দের ওপর পড়বে না। কানাডিয়ান জাতীয় দলগুলো আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষার্থে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আইসিসি নিজেই তাদের অর্থায়ন তদারকি করবে। একই সাথে কানাডার ক্রিকেট প্রশাসন ও গভর্ন্যান্সের ত্রুটিগুলো সংশোধনের জন্য একটি শর্তাবলী নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা আইসিসির 'নরমালাইজেশন কমিটি' পর্যবেক্ষণ করবে।
সভায় ক্রিকেট বিশ্বের উন্নয়নে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
খারাপ আলো দূর করতে টেস্টে 'গোলাপি বল' ব্যবহারের ট্রায়াল
টেস্ট ক্রিকেটে খারাপ আলোর কারণে খেলা বন্ধ হওয়া এড়াতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এখন থেকে ম্যাচ চলাকালীন খারাপ আলোর পূর্বাভাস থাকলে, দুই দলের পারস্পরিক সম্মতিতে ঐতিহ্যবাহী লাল বলের পরিবর্তে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়ার একটি ট্রায়াল বা পরীক্ষা চালানো হবে। এর পাশাপাশি আইসিসি ও এমসিসি যৌথভাবে এমন লাইটিং প্রযুক্তি নিয়ে গবেষণা করবে যা আলোর স্বল্পতার কারণে ম্যাচের ক্ষতি কমিয়ে আনতে পারে।
ফিরে আসছে টি-২০ বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ার
সহযোগী দেশগুলোর ক্রিকেটের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান দর্শকপ্রিয়তা ও আগ্রহের কথা বিবেচনা করে পুরুষদের টি-২০ বিশ্বকাপের জন্য আবারও 'গ্লোবাল কোয়ালিফায়ার' ফিরিয়ে আনার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। ১৬ দলের এই কোয়ালিফায়ার প্রতিযোগিতার কাঠামো এবং যোগ্যতা অর্জনের পথ চূড়ান্ত করার জন্য আইসিসি ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে।
খেলার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ
-
লেগ-সাইড ওয়াইড: ট্রায়াল শেষে লেগ-সাইড ওয়াইডের নিয়মটি স্থায়ীভাবে গ্রহণ করা হয়েছে। এখন থেকে বোলার বল ছাড়ার মুহূর্তে ব্যাটারের অবস্থানকে রেফারেন্স বা ভিত্তি ধরে ওয়াইড নির্ধারণ করা হবে।
-
বোলিং অ্যাকশন পরীক্ষা: সন্দেহভাজন অবৈধ বোলিং অ্যাকশনের রিপোর্ট পর্যালোচনার ক্ষেত্রে ম্যাচ অফিশিয়ালরা এখন থেকে সরাসরি হক-আই ডাটা ব্যবহার করতে পারবেন।
-
ড্রিংকস ব্রেকে কোচের পরামর্শ: নির্ধারিত ড্রিংকস ব্রেকের সময় প্রধান কোচ বা তাদের মনোনীত প্রতিনিধিরা মাঠে খেলোয়াড়দের সাথে কৌশলগত যোগাযোগ বা কথা বলতে পারবেন।
-
টি-২০ তে বাধ্যতামূলক বিরতি: আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এখন থেকে বাধ্যতামূলকভাবে ১৫ মিনিটের ইনিংস বিরতি থাকবে।
নারী ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ও সূচি বদল
-
২০২৭ সালের আইসিসি উইমেনস চ্যাম্পিয়ন্স ট্রফি পূর্বনির্ধারিত জুন-জুলাই উইন্ডো থেকে সরিয়ে ২০২৭ সালের ১৪-২৮ ফেব্রুয়ারি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
উদীয়মান নারী ক্রিকেটারদের জন্য ২০২৬ সাল থেকে চালু হচ্ছে ১০ দলের 'উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি'। এতে ৫টি পূর্ণাঙ্গ সদস্য দেশ এবং ৫টি সহযোগী দেশ অংশ নেবে।
-
২০২৮ সালের নারী টি-২০ বিশ্বকাপের জন্য একটি ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার পথ অনুমোদন করা হয়েছে। এই মূল বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, তবে ভারতের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট প্রসঙ্গ
বাংলাদেশ ও শ্রীলঙ্কার বর্তমান ক্রিকেট পরিস্থিতি ও গভর্ন্যান্স নিয়ে সভায় আলোচনা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী প্রক্রিয়াসহ সার্বিক উন্নয়ন খতিয়ে দেখতে এবং অংশীজনদের সাথে কথা বলতে আইসিসি প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং তাভেঙ্গয়া মুকুহলানি বাংলাদেশ সফর করবেন। অন্যদিকে, শ্রীলঙ্কার পরিস্থিতি মূল্যায়নে আইসিসি ডেপুটি চেয়ার ইমরান খাজা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যেই অংশীজনদের সাথে বৈঠক করেছেন।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ওপর নজরদারি
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগের ক্রমাগত বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সাথে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কীভাবে একটি সুষ্ঠু সমন্বয় করা যায়, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।