এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ থাই শাটলার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

এশিয়ান গেমসের শুরুতেই বড় এক ধাক্কা খেল থাইল্যান্ড ক্রীড়াঙ্গন। গেমসের প্রথম নিশ্চিত ডোপিং টেস্টে নাম জড়িয়ে গেছে তাদের অন্যতম সেরা ও উদীয়মান নারী শাটলার পিচামন ওপাতনিপুথের। ১৯ বছর বয়সী এই সাবেক বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নের শরীরে নিষিদ্ধ মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি (আইটিএ)। 

এর ফলে চলমান এশিয়ান গেমসের সব ধরনের প্রতিযোগিতা ও কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে।

গত বৃহস্পতিবার নাগোয়ায় অনুশীলনের সময় ডোপ টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৮তম স্থানে থাকা এই থাই তারকা। পরীক্ষায় তার নমুনায় ফুসেমাইড নামক একটি নিষিদ্ধ ডাইউরেটিকের উপস্থিতি ধরা পড়ে। এই নিষিদ্ধ পদার্থটি সাধারণত শরীর থেকে অতিরিক্ত জল বের করে দ্রুত ওজন কমাতে কিংবা অন্য কোনো নিষিদ্ধ মাদকের ব্যবহার ঢাকতে মাস্কিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। 

আন্তর্জাতিক টেস্টিং এজেন্সির বিবৃতিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে এশিয়ান গেমস চলাকালীন পিচামন কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া তো দূরে থাক, এমনকি কোনো ধরনের প্রশিক্ষণ বা কোচিং কার্যক্রমেও অংশ নিতে পারবেন না।

হঠাৎ এমন ঘটনায় বিব্রত থাইল্যান্ডের ক্রীড়া মহল। তবে পিচামনের দাবি, ভুলবশত বা অজ্ঞতাবশত কোনো অ্যান্টি-ইনফ্ল্যামেটরি মলম ব্যবহারের কারণে এমনটি ঘটে থাকতে পারে। ইতোমধ্যে থাই প্রতিনিধি দল ব্যাক-আপ 'বি' নমুনার পরীক্ষার আবেদন জানিয়েছে এবং চাইলে পিচামন এই অস্থায়ী নিষেধাজ্ঞাকে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টে চ্যালেঞ্জও করতে পারবেন।

এই ঘটনার পর থাইল্যান্ডের ক্রীড়ামন্ত্রী সুরাসক ফানচারোয়েনওনাকুল এশিয়ার গেমসের মিডিয়া সেন্টারে কথা বলেছেন। ডোপিংয়ের এই অপ্রত্যাশিত পরিস্থিতি নিয়ে থাই ক্রীড়ামন্ত্রী সুরাসক বলেন, ‘সব অ্যাথলেটই জানে যে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারণ কোনো নিষিদ্ধ পদার্থ ধরা পড়লে তা নিশ্চিতভাবেই প্রতিযোগিতাকে প্রভাবিত করবে।’ 

তিনি আরও যোগ করেন, ‘আমরা নিশ্চিত করছি যে সমস্ত অ্যাসোসিয়েশন এবং জাতীয় দলগুলো এ বিষয়ে সচেতন ও সতর্ক রয়েছে। এটি কোনো ব্যক্তির অজ্ঞতাবশত ঘটা একটি ঘটনাও হতে পারে।’ 

পিচামনের এই আকস্মিক নিষেধাজ্ঞার ধাক্কা অবশ্য ভালোভাবেই সামলাতে হয়েছে থাই দলকে। প্রতিযোগিতার নারী দলগত ইভেন্টে খেলার কথা থাকলেও কোয়ার্টার ফাইনালে চীনের কাছে ৩-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে থাইল্যান্ড। 

সর্বশেষ সর্বাধিক পঠিত