আগামী আগস্টতেই বরিশাল শিশু হাসপাতাল চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী আগস্ট মাসের শুরুতেই বরিশাল শিশু হাসপাতাল চালু করা সম্ভব হবে। এরপর পর্যায়ক্রমে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।
সোমবার (১ জুন) দুপুর সোয়া ১টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকায় নির্মিত শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, দেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল নির্মিত হলেও সেগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও হাসপাতালগুলোকে কার্যকর চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি ছিল। তবে সরকার এখন এসব হাসপাতাল দ্রুত চালুর লক্ষ্যে কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিভাগীয় শহরগুলোর শিশু হাসপাতালগুলো অনতিবিলম্বে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।
এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।