প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও সাংগঠনিক সভায় অংশ নিতে হিজলা উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আসা একটি লঞ্চ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে কাইসমা লঞ্চঘাটসংলগ্ন ডুবোচরে আটকে পড়ে। পরে যাত্রীদের তীরে নামানোর সময় একটি নৌকা কাত হয়ে কয়েকজন পানিতে পড়ে গেলেও কোনো হতাহত বা বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নৌপুলিশ।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, লঞ্চটি আটকে যাওয়ার পর যাত্রীদের তীরে আনতে একটি নৌকার ব্যবস্থা করা হয়। ঘাটের কাছাকাছি এসে জোয়ারের ঢেউ ও অতিরিক্ত যাত্রীর চাপে নৌকাটি কাত হয়ে যায়। ঘটনাস্থলে পানির গভীরতা হাঁটু সমান হওয়ায় সবাই নিরাপদে তীরে উঠে আসেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে 'নৌকাডুবি' ও 'বড় দুর্ঘটনার' খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে প্রশাসন।
হিজলা নদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম কুমার দেশ রূপান্তরকে বলেন, লঞ্চটি ডুবোচরে আটকে গিয়েছিল। যাত্রীদের নামানোর সময় নৌকাটি সামান্য কাত হয়ে কয়েকজন পানিতে পড়ে যান। সেখানে হাঁটু সমান পানি ছিল। কেউ হতাহত হননি, কোনো নৌকাও ডুবে যায়নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও বরিশালে সাংগঠনিক সভাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা কর্মসূচিস্থলের উদ্দেশে রওনা হন।
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ছাত্রদল নেতা তৌহিদুলের ত্রাণ বিতরণ