বিচারের নামে অবিচার এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণে দেশে অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত শিশু রামিসার বাবার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যান জামায়াত আমির। এ সময় তিনি নিহত শিশুর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা করেন। সরকারের আন্তরিকতা থাকলে দ্রুত বিচার সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।