বিএনপির সঙ্গে ‘সমঝোতা’ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার সঙ্গে বিএনপির কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা বা আলোচনা হয়েছে বলে প্রচারিত দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে মন্তব্য করেছেন। 

সোমবার (১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তাসনিম জারা লেখেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিলো।’ আরও দাবি করা হচ্ছে যে ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

তিনি বলেন, এই দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা। আমি বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে কখনো এমন কোনো আলোচনা করিনি।

গুজব ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে তাসনিম জারা প্রশ্ন রেখে বলেন, যদি এমন কোনো আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি কবে, কোথায় এবং কার সঙ্গে হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ উপস্থাপন করা হোক।

তিনি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জন্য এসব তথ্য ছড়ানো হচ্ছে। তার মতে, বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন এসব দাবি জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?