আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

ঝিনাইদহের মহেশপুর থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন এমপি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাদের গাড়িচালক সাদ্দাম হোসেন।

অভিযোগে বলা হয়েছে, হামলার সঙ্গে হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও একই এলাকার রিমন জড়িত।

আহত আবু বক্কর জানান, ঝিনাইদহের মহেশপুরে একটি বিয়ের অনুষ্ঠান শেষে পৃথক দুটি গাড়িতে জীবননগর শ্বশুর বাড়ি ফিরছিলেন এমপি আমির হামজা, তার স্ত্রী ও শ্যালক আবু বকর। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে চলে আসে। বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে তাদের গাড়িচালক নিচে নেমে চালকের সঙ্গে কথা বলেন। পরে ইজিবাইক চালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

আবু বক্করের দাবি, ওই সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শালা পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন গাড়ি থেকে নেমে এলে তাকেও এবং এমপি আমির হামজাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় অবস্থান করছেন।

এ বিষয়ে ওসি সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।