ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুকের পদত্যাগ পত্র গৃহীত 

রাতে ইসলামী ব্যাংক পিএলসি'র পর্ষদ সভার সিদ্ধান্তে এমডি ওমর ফারুকের পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডির দায়িত্বপালন করবেন আলতাফ হোসাইন।

সোমবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম। এসময় পর্ষদের পাঁচ সদস্য উপস্থিত ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ও স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহবকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। 

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান দেশ রূপান্তরকে বলেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খোরশেদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্ষদের পাঁচজন সদস্য ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।

সভায় সম্প্রতি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আলতাফ হোসাইনকে দায়িত্বে বহাল রেখে ব্যাংকের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চাপে রাতেই অনলাইন সভার আয়োজন করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো চাপ কেন্দ্রীয় ব্যাংক থেকে দেওয়া হয়নি। তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে অনলাইন সভা আয়োজন করেছে। 

ব্যাংকিং সময়ের বাহিরে রাতে সভায় আয়োজন করা যায় কি-না এমন প্রশ্নে তিনি বলেন, স্ব শরীরে হলে ব্যাংকিং সময়ের মধ্যে সভা আয়োজন করতে হতো। যেহেতু অনলাইনে হয়েছে তাতে কোনো সমস্যা নেই।

ইসলামী বাংকের নতুন চেয়ারম্যানের যোগদানের উদ্দেশ্য পরিচালনা পর্ষদের সভা ডেকেছিল ব্যাংকটি। তবে গ্রাহকদের আন্দোলনের কারণে সশরীর সেই সভাটি অনুষ্ঠিত হতে পারেনি। 

জানা গেছে, নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে সোমবার সকাল থেকে রাজধানীর দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ব্যাংকটির গ্রাহকেরা। সকালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে মানববন্ধন কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। 

জানা যায়, ঈদের আগের শেষ কর্মদিবস ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত নয়টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।