অন্য জীবনে দুয়া লিপা

মার্কিন পপকন্যা দুয়া লিপা এবং অভিনেতা ক্যালাম টার্নার এখন বিবাহিত। ৩০ বছর বয়সী ব্রিটিশ গায়িকা-গীতিকার এবং ৩৬ বছর বয়সী অভিনেতা গত রবিবার লন্ডনের ওল্ড মেরিলিবোন টাউন হলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুষ্ঠানের অতিথি তালিকা দুই পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুদের মধ্যে সীমিত ছিল। বিয়ের অনুষ্ঠানে দুয়া লিপা পরেছিলেন ড্যানিয়েল রোজবেরির ডিজাইন করা শিয়াপারেলি কউচার স্যুট-ড্রেস। এর সঙ্গে মিলিয়ে পরেছিলেন ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবুতাঁ জুতা এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট। দুয়াকে ক্যালাম টার্নারের হাত ধরে হাঁটতে দেখা যায়। টার্নার পরেছিলেন নেভি রঙের স্যুট ও টাই।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী সপ্তাহে ইতালির সিসিলিতে তাদের দ্বিতীয় দফার জমকালো বিয়ের অনুষ্ঠানও অনুষ্ঠিত হতে চলেছে। দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দুয়া এবং ক্যালাম । গত বছরের শেষ দিকে তাদের বাগদানের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল, কবে আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধবেন এই জুটি। এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে বলেই দাবি করা হচ্ছে।

যদিও এখনও পর্যন্ত দুয়া লিপা বা ক্যালাম টার্নারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে ডেইলি মেইল ও দ্য সানে প্রকাশিত ছবিগুলোয় তাদের অন্তরঙ্গ উদযাপনের মুহূর্তগুলো ধরা পড়েছে। সপ্তাহজুড়ে চলা গুঞ্জনের পর গত বছরের জুনে ব্রিটিশ ভোগকে দেওয়া সাক্ষাৎকারে বাগদানের কথা নিশ্চিত করেছিলেন দুয়া লিপা। তখন তিনি বলেছিলেন ওয়ার্ল্ড ট্যুর শেষ করার পর তিনি বিয়ে করতে চান।

পিপল ম্যাগাজিন অনুযায়ী, দুয়া লিপা ও টার্নারের প্রেমের গুঞ্জন প্রথম শোনা যায় ২০২৪ সালের জানুয়ারিতে। ওই সময় লন্ডনে মাস্টার্স অব দ্য এয়ারের আফটার পার্টিতে একসঙ্গে উপস্থিত হন তারা। এরপর একই বছরের জুলাইয়ে তারা তাদের সম্পর্ক ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।