প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেন কণ্ঠশিল্পী কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘ঢাকা ১২০৫ চলচ্চিত্রের গানে তার এই অভিষেক হয়। ‘হৃদয়ের জমিনে’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন পরিচালক নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন রুবেল ফ্লাইং কাইটস। এ প্রসঙ্গে গায়িকা কনক দত্ত বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লে-ব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লে-ব্যাক করার। ‘ঢাকা ১২০৫’-এর সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কণ্ঠে আস্থা রেখেছেন, তাই আমি কৃতজ্ঞ।
সংগীত পরিচালক রুবেল ফ্লাইং কাইটস বলেন, ‘হৃদয়ের জমিনে’ গানটি একদম মনে দাগ কাটার মতে। গানটি শোনার সময় শ্রোতারা শুধু মিউজিক না পাশাপাশি এমন অনুভব করবেন যেন, পুরো গানটা তারা শুনেই ভিজুয়ালাইজ করতে পারছেন। কণ্ঠশিল্পী কনক দত্ত একজন বিনয়ী গুণী শিল্পী। তার ব্যতিক্রম কণ্ঠ ও চ্যালেঞ্জ নেওয়ার দক্ষতা আমায় মুগ্ধ করেছে।
‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের পরিচালক ওয়ালিদ আহমেদ বলেন, গানটির জন্য আমরা এমন একজন শিল্পী খুঁজছিলাম, যিনি সুরের পাশাপাশি গানের আবেগটিও সঠিকভাবে তুলে ধরতে পারবেন। কনক দত্ত সেই কাজটি সফলভাবে করতে পেরেছেন। ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের এই গানের আবহের সঙ্গে তার কণ্ঠ খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি বিশ্বাস করি, এই গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীত, ধ্রুপদী ও আধুনিক গানের চর্চার মাধ্যমে কনক দত্ত সংগীতপ্রেমীদের কাছে একজন পরিচিত মুখ। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্রে প্লে-ব্যাকের মাধ্যমে কনক দত্তের এই যাত্রা তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যুক্ত হলো। অডিও গান ও মঞ্চ পরিবেশনার বাইরে এবার বড় পর্দার দর্শকদের কাছেও তার কণ্ঠ পৌঁছানোর সুযোগ তৈরি হলো।
প্রসঙ্গত, প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসাইন।