বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা কাল

বিদ্যুতের বর্ধিত মূল্য ঘোষণা হতে পারে আগামীকাল বুধবার। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম বৃদ্ধির ঘোষণা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এবার পাইকারি পর্যায়ে ২০ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে। গ্রাহকদের জুনের ১ তারিখ থেকেই বর্ধিত মূল্য পরিশোধ করতে হবে। গতকাল সোমবার সরকারের সঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ।

চলতি অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৬০ হাজার কোটি টাকার ভর্তুকি লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সরকার আগামী অর্থবছরে ভর্তুকি কমাতে মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে আইএমএফের বেঁধে দেওয়া মাত্রার মধ্যে থাকতে চায় সরকার।

গত ২০ ও ২১ মে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এতে পাইকারি দাম বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং ভোক্তাপর্যায়ে দাম বৃদ্ধির বিষয়ে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।

সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারি ও মার্চে দুই ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হয়। তখন পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছিল। এবারও লাইফলাইন গ্রাহক, অর্থাৎ শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম না বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত গ্রাহকদের ব্যবহৃত বিদ্যুতের দাম সবচেয়ে বেশি বাড়ানোর দিকে নজর দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ জন্য একটি সø্যাব তুলে দেওয়ার প্রস্তাব করেছে পিডিবি।

বিইআরসির এক কর্মকর্তা গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুতের দাম বাড়তে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পরশুই বাড়বে এটা বলতে পারছি না। তবে আমরা কাজ করছি দাম বাড়বে।

সোমবার থেকে সরকার পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়িয়েছে। আজ মঙ্গলবার রান্না ও গাড়ির জ্বালানি এলপিজির মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে টানা তিন দিন জনগণকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির খবর শুনতে হবে।