সাক্ষ্যগ্রহণ চলছে

ক্যামেরা কোর্টে রামিসার বোন রাইসার বক্তব্য রেকর্ড

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রামিসার বোন রাইসার সাক্ষ্যগ্রহণ হয়েছে।  অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ক্যামেরা কোর্টে তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার ((২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা মামলার সাক্ষ্য চলাকালে মামলার প্রসিকিউটর আজিজুর রহমান দুলু রাইসার সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণের আবেদন জানান।

তিনি বলেন, রামিসার বোন রাইসা এখনো শিশু, তার বয়স মাত্র ১৬ বছর। বোনের হত্যাকাণ্ডের পর এখনো তিনি ট্রমায় আছেন। এত লোকজনের সামনে সাক্ষ্য দিতে বিব্রতবোধ করতে পারেন। তাই তার সাক্ষী ক্যামেরা কোর্টে নেওয়া হোক। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করলে রাইসার সাক্ষ্য ক্যামেরা আদালতের মাধ্যমে নেওয়া হয়। এরপর আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করেন।

এর আগে সোমবার (১ জুন) একই ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের (চার্জ গঠন) শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান আসামি সোহেল রানা ও অপর আসামি স্বপ্না আক্তারকে উপস্থিত করে শুনানি গ্রহণ শেষে আদালত মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে ২ জুন দিন ধার্য করেন।

গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।