জামালপুরের বকশীগঞ্জে তীব্র গরমের মধ্যে জমিতে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর দিলেমরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ছানোয়ার হোসেন (৭০) ওই গ্রামের মৃত কমেজ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের জমিতে ধান কাটছিলেন ছানোয়ার হোসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।