ইরান ও ইরাকে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিল বাহরাইন

চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরান ও ইরাকে নিজেদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন। মঙ্গলবার (২ জুন) দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায়।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাহরাইন নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নাগরিক ইরান ও ইরাকে ভ্রমণ করতে পারবেন না।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, বর্তমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে পরিস্থিতিকে “ইরানের নিন্দনীয় আগ্রাসনের পরিণতিতে সৃষ্ট নিরাপত্তা উত্তেজনা” হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাহরাইন সরকার জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও নাগরিকদের জীবন রক্ষাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।