হিজবুল্লাহর সঙ্গে ট্রাম্পের পরোক্ষ সংলাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ রাখার আশ্বাস দিয়েছে।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন। আলোচনার পর ইসরায়েল দক্ষিণ লেবাননে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুত থাকা সেনাদের প্রত্যাহারে সম্মত হয়েছে। 

ট্রাম্প লেখেন, 'প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।'

তিনি আরও দাবি করেন, 'উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গেও আমার ভালো আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে।'

তবে হিজবুল্লাহকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং কোনো মার্কিন প্রেসিডেন্ট এর আগে প্রকাশ্যে সংগঠনটির সঙ্গে যোগাযোগের কথা জানাননি।

এদিকে এক লেবাননি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পার্লামেন্ট স্পিকার নবিহ বেরির মাধ্যমে হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, বৈরুত ও এর আশপাশে ইসরায়েল হামলা না চালালে তারা উত্তর ইসরায়েলে হামলা বন্ধ রাখতে প্রস্তুত।

গত মার্চ থেকে ইরানকে সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করলে লেবানন সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে। ইসরায়েলি হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশনার কারণে এ পর্যন্ত ১২ লাখের বেশি লেবাননি বাস্তুচ্যুত হয়েছেন।

সর্বশেষ পরিস্থিতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের ঐতিহাসিক ৯০০ বছর পুরোনো বেউফোর্ট দুর্গ এবং একটি  পাহাড়ি অবস্থান দখল করেছে। এর একদিন আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়, যার ফলে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ এবং নিরাপত্তা বিধিনিষেধ জারি করা হয়।