হাতে ব্যান্ডেজ নিয়েও অনুশীলনে ‘দিবু’ মার্তিনেজ

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগেই আর্জেন্টাইন সমর্থকদের মনে চোটের অস্বস্তি বাড়িয়েছিলেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো 'দিবু' মার্তিনেজ। তবে আলবিসেলেস্তে সমর্থকদের আশ্বস্ত করে সুখবর দিয়েছেন এই বিশ্বস্ত বাজপাখি নিজেই। বাঁহাতের আঙুলে ফ্র্যাকচার (হাড় ভাঙা) থাকলেও, তা কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামার ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সোমবার বিকেলে প্রথমবার অনুশীলনে নামে লিওনেল স্কালোনির দল। দলের প্রথম অনুশীলনের পর মার্তিনেজ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন, যেখানে তার বাঁহাতে ব্যান্ডেজ দেখা গেছে। তবে ইনজুরি সত্ত্বেও দলের সাথে যোগ দিতে পেরে বেশ উচ্ছ্বসিত এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যান্ডেজ পরা হাতের দুটি ছবি শেয়ার করে মার্তিনেজ লিখেছেন, "প্রচুর স্বপ্ন নিয়ে প্রথম দিন। সব কিছু (পুরোদমে অনুশীলন) করতে না পারায় কিছুটা মন খারাপ, তবে বন্ধুদের সাথে থাকতে পেরে এবং পুরো দেশের জন্য ঐক্যবদ্ধ হতে পেরে আনন্দিত।"

অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক ইউরোপা লীগের ফাইনালের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান। তখন থেকেই তার বাঁহাতের অনামিকা এবং কনিষ্ঠা আঙুলের অংশটি ব্যান্ডেজ দিয়ে স্থবির করে রাখা হয়েছে। কানসাসে প্রথম দিনের অনুশীলনে মার্তিনেজকে বল হাতে নিয়ে নয়, বরং পায়ে ড্রিবল করে হালকা অনুশীলন করতে দেখা গেছে। হাত নিয়ে কোনো ঝুঁকি না নিতেই এই বিশেষ সতর্কতা।

তবে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, মার্তিনেজের এই চোট বিশ্বকাপে তার খেলায় কোনো বাধা সৃষ্টি করবে না। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর দিনই তিনি পোস্টের নিচে দাঁড়াতে পারবেন বলে আশা করা হচ্ছে।

কোনো ধরনের ঝুঁকি এড়াতে বিশ্বকাপের আগে হতে যাওয়া দুটি প্রীতি ম্যাচে মাঠের বাইরে থাকবেন মার্তিনেজ। আগামী ৬ জুন হন্ডুরাস এবং ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে না। তার অনুপস্থিতিতে জেরোনিমো রুলি নাকি হুয়ান মুসো—কে খেলবেন, তা নিয়ে আলোচনা চলছে আর্জেন্টাইন শিবিরে।