লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের রেশ কাটতে না কাটতেই এবার আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তার কথা জানালেন লিয়েনদ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার স্পষ্ট জানিয়েছেন, আলবিসেলেস্তেদের হয়ে তার খেলা চালিয়ে যাওয়া এখন ‘অত্যন্ত কঠিন’ হতে যাচ্ছে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ফিফা পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৯০ হাজার ডলার জরিমানা করে। স্পেনের বিপক্ষে ফাইনালের সেই ঘটনার কথা স্মরণ করে ফিফার শাস্তিকে "অতিরিক্ত" বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সেই শাস্তির পর এবার মেসির অবসর তাকে মানসিকভাবে বড় ধাক্কা দিয়েছে।
কোপা আর্জেন্টিনার ম্যাচে ভেলেজের মুখোমুখি হওয়ার আগে সাংবাদিকদের প্যারেদেস বলেন, "জাতীয় দলে আমার খেলা চালিয়ে যাওয়া এখন খুবই কঠিন হবে। আমার ওপর আসা নিষেধাজ্ঞা, লিও-র সিদ্ধান্ত এবং সবকিছু আগের মতো না থাকার আশঙ্কাই এর মূল কারণ। আমরা একটা মানদণ্ড তৈরি করেছিলাম, যা ধরে রাখা সহজ নয়। লিও আমাদের অধিনায়ক ও অভিভাবক ছিল; তাকে ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। তবে কোচের (স্কালোনি) সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"
মেসির অবসর নিয়ে অনুভূতি
মেসির অবসর প্রসঙ্গে বোকা জুনিওসের এই তারকা বলেন, "পুরো বিশ্ব ও দেশের ফুটবলপ্রেমীদের মতো এই খবর আমাদের জন্যও ছিল অত্যন্ত হৃদয়বিদারক। বিশ্বকাপে শেষ দিনগুলোতে লিও আমাদের আভাস দিয়েছিল যে ফাইনালই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। আমরা জানতাম, কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।"
এদিকে ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্যারেদেস আশা করছেন আপিলের মাধ্যমে এই শাস্তি কমে আসবে। তবে শাস্তি কমলেও মেসির বিদায়ের পর জাতীয় দলে যেভাবে একের পর এক পরিবর্তনের হাওয়া বইছে, তাতে প্যারেদেসকেও যে আর নীল-সাদা জার্সিতে দেখা নাও যেতে পারে—সেই আভাস স্পষ্ট।