হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্সে হাসনাত, অতঃপর যা হলো

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও রোগীদের সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এ সময় কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় পাঁচ চিকিৎসককে। পরে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারির নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান সংসদ সদস্য। সেখানে তিনি বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। প্রায় দেড় ঘণ্টার এই পরিদর্শনে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজন নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না। তারা হলেন মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালট্যান্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালট্যান্ট কাজী আয়শা সিদ্দিকা।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা জরুরি। রোগীরা যেন নিরবচ্ছিন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

এ ছাড়া প্রতিদিন সকাল ৭টা ৪৫ মিনিটে হাসপাতালের চিকিৎসকদের নিয়ে ব্রিফিং সভা আয়োজন এবং সেই সভার উপস্থিতির তালিকা নিয়মিত তার কাছে পাঠানোর নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম বলেন, দায়িত্বে অবহেলা ও নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।