রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

রাজবাড়ীতে আপন ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (২ মে) বিকেলে ভুক্তভোগীর মা জেসমিন আক্তার বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। 

অভিযুক্ত ব্যক্তির নাম মাসুদ মন্ডল (৪০)। তিনি কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নওশের মন্ডলের ছেলে। বর্তমানে তিনি খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামে আদিবাসী পল্লীতে বসবাস করে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার বিকেল তিনটার দিকে শিশুটিকে বাড়িতে রেখে তার মা জেসমিন আক্তার বাড়ির আঙিনায় ঘাস কাটতে যান। এই সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুটিকে ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করতে যায়। পরে শিশুটি চিৎকার করলে তার মা বাড়িতে এসে ঘরের মধ্যে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তিনি ডাকচিৎকার করলে অভিযুক্ত দৌঁড়ে পালিয়ে যায়। অভিযুক্ত নিকট আত্মীয় হওয়ায় বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানান তারা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।