বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবারও অর্থনৈতিক লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে জনগণকে সচেতন করতে দলের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মঙ্গলবার (২ জুন) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গাস্থ আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাস পার হলেও দেশে প্রত্যাশিত স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেনি। জ্বালানি খাতে নৈরাজ্য চলছে এবং বাজার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে ব্যাংকিং খাতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে নতুন করে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা ও গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডে জামায়াতে ইসলামী সহযোগিতা করবে। তবে অন্যায় ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি প্রতিবাদ অব্যাহত রাখবে। আগামী ২০ জুন অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার কারণে জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার এড়াতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। সাম্প্রতিক জাতীয় নির্বাচন নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সরকারকে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে সরে যাওয়ার অভিযোগ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
এ সময় কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, ড. আবু সাদিক, মোহাম্মদ মাহফুজুর রহমান, গোলাম রসুল, মাওলানা এমরান হুসাইন, আতাউর রহমান বাচ্চু, মাওলানা রেজাউল করিম, শহীদুল ইসলাম মুকুল, এম বি বাকের, এ কে এম আলী মুহসিন, মাহবুবুল ইসলাম, আজিজুর রহমান, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর নেতারা।