বিশ্বকাপ শুরুর ৯ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পা রেখেছে ব্রাজিল দল। বিমানবন্দরে নামার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বর্তমান অবস্থা ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন সেলেসাওদের অন্যতম অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো। দলে তরুণ ও অভিজ্ঞদের দারুণ সংমিশ্রণ ঘটেছে বলে দাবি করলেও, কাসেমিরো অকপটে স্বীকার করেছেন যে প্রস্তুতির দিক থেকে কিছু দল ব্রাজিলের চেয়ে ‘এক ধাপ এগিয়ে’ থেকে টুর্নামেন্ট শুরু করছে।
চলতি স্কোয়াডে তরুণদের আধিপত্য ও কোচের অভিজ্ঞতা নিয়ে কাসেমিরো বলেন, "আমাদের দলে এবার তরুণ ফুটবলারের সংখ্যা বেশি, যারা মাঠে মূল ভূমিকা পালন করবে। আমার মনে হয় তরুণ ও অভিজ্ঞদের এই সংমিশ্রণটা বেশ ভালো হয়েছে এবং এটাই আমাদের সফল হওয়ার বড় চাবিকাঠি।"
কোচ কার্লো আনচেলত্তির প্রশংসা করে তিনি আরও বলেন, "আমাদের এমন একজন কোচ আছেন যিনি অত্যন্ত অভিজ্ঞ। যদিও কোচ হিসেবে এটিই তার প্রথম বিশ্বকাপ, তবে ফুটবল বিশ্বে তার অভিজ্ঞতার কোনো কমতি নেই। আমি বিশ্বাস করি আমরা শক্তিশালী দল হিসেবেই বিশ্বকাপে এসেছি। তবে হ্যাঁ, এমন কিছু দল আছে যারা আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে।"
কোন কোন দল ব্রাজিলের চেয়ে এগিয়ে বা ফেভারিট—সাংবাদিকদের এমন প্রশ্নে অবশ্য নির্দিষ্ট কোনো দেশের নাম মুখে নেননি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কাসেমিরো বলেন, "আমার এখানে আলাদা করে নাম বলার প্রয়োজন নেই। আমরা সবাই জানি কোন দলগুলো দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে ভালো অবস্থানে আছে। ব্রাজিল সবসময়ই শক্তিশালী দল, তবে আমাদের মনে সেই তাড়না ও জেদ আছে যে আমরা জিততে চাই এবং শৈশবের স্বপ্ন পূরণ করতে চাই।"
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়ছে ব্রাজিল দল। আগামী ৬ জুন মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পর ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।