ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পারফরম্যান্স ও দলের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনার জবাবে এই ইতালীয় কোচের পাশে দাঁড়িয়েছেন পেপ গার্দিওলা। বার্সেলোনার সাবেক সতীর্থ ও ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক প্রাণবন্ত আলোচনায় আনচেলত্তির প্রতি আস্থা রাখা এবং সেলেসাওদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।
২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে ২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নেয় ব্রাজিল। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার এই ঘটনা ১৯৯০ সালের পর প্রথমবার ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ করে। এরপর থেকেই আনচেলত্তির কড়া সমালোচকদের কাতারে রয়েছেন রোমারিও।
আলোচনায় ব্রাজিলের ঐতিহাসিক প্রত্যাশা ও বর্তমান বাস্তবতা নিয়ে রোমারিওকে চ্যালেঞ্জ ছুড়ে দেন গার্দিওলা। তিনি বলেন, “ব্রাজিল কয়টি বিশ্বকাপ খেলেছে? অসংখ্য! কিন্তু জেতার চেয়ে আপনারা হেরেছেনই বেশি।” এর মাধ্যমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হলেও প্রতি চার বছর পরপর শিরোপা জেতা সম্ভব নয়—সেই বাস্তবতাই তুলে ধরেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।
জবাবে রোমারিও পাল্টা যুক্তি দেন যে, শুধু ফলাফল বা হার নিয়ে তাঁর ক্ষোভ নয়, বরং ব্রাজিলের খেলার ধরন নিয়েই তাঁর মূল আপত্তি।
এর পরিপ্রেক্ষিতে গার্দিওলা বলেন, “আমি ব্রাজিলিয়ান ফুটবলারদের কোচিং করিয়েছি। সবাই বলে, এখানকার চাপ বিশ্বের অন্য যেকোনো জায়গার চেয়ে বেশি। বিষয়টি আসলেই খুব কঠিন।”
আনচেলত্তির সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই জানিয়ে গার্দিওলা বলেন, “আমি কার্লোকে কিছুটা চিনি। তার বিপক্ষে অনেকবার খেলেছি, তিনি আমাকে অসংখ্যবার হারিয়েছেন। মানুষ হিসেবে তিনি অসাধারণ এবং তার সামর্থ্য নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি নতুন একটি দেশে, নতুন সংস্কৃতিতে এসেছেন। মানিয়ে নিতে মাঝেমধ্যে একটু বেশি সময়ের প্রয়োজন হয়। আপনি তো জানেনই, জাতীয় দলকে অনুশীলন করানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না। দেখা যাক সামনে কী হয়।”
ক্যারিয়ারে ১৪ বার মুখোমুখি হওয়া এই দুই কোচের লড়াইয়ে দুজনেই ছয়টি করে জয় পেয়েছেন, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আনচেলত্তিকে কেবল ‘ম্যান-ম্যানেজার’ ভাবার প্রচলিত ধারণার বাইরে গিয়ে তাঁর কৌশলগত দক্ষতা ও অর্জনের কথাও উল্লেখ করেন গার্দিওলা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সবকটিতেই লিগ শিরোপা জেতা এবং পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই কোচকে নিয়ে গার্দিওলা বলেন, “প্রথমবার ক্লাব থেকে জাতীয় দলে আসা বেশিরভাগ কোচের ক্ষেত্রেই এমনটা ঘটে। দিনশেষে ফুটবল তো ফুটবলই; এখানে সময় কম থাকে এবং এর সঙ্গে মানিয়ে নিতে হয়। তবে দুঃখিত মারিও, আমি কার্লোর সামর্থ্য নিয়ে সন্দেহ করতে পারব না; এটা অসম্ভব। আমি তাকে চিনি। লোকে বলে, তিনি দলকে খুব ভালোভাবে সামলাতে পারেন; সবাই বলে তিনিই সেরা। আমি তার বিপক্ষে খেলেছি, তিনি অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী সিদ্ধান্ত নিতে পারেন।”
কোচিং পেশার কঠিন বাস্তবতা মনে করিয়ে দিয়ে গার্দিওলা আরও যোগ করেন, “আমার মতো তিনিও জানেন, জিততে না পারলে টিকে থাকা যায় না। আমি কেন এত বছর ম্যানচেস্টার সিটিতে থাকতে পেরেছিলাম? কারণ আমরা অনেক কিছু জিতেছিলাম। তা না হলে বাড়ি ফিরে যেতে হতো।”
বর্তমান আলোচনার পাশাপাশি নিজেদের খেলোয়াড়ি জীবনের স্মৃতিতেও ডুব দেন গার্দিওলা ও রোমারিও—বিশেষ করে ১৯৯৪ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে এসি মিলানের কাছে বার্সেলোনার বড় হারের প্রসঙ্গটি। ফাবিও ক্যাপেলোর মিলান ও ইয়োহান ক্রুইফের বার্সেলোনার ভিন্ন দর্শনের কথা স্মরণ করে গার্দিওলা বলেন, “তারা খুব শক্তিশালী ছিল, ভীষণ শক্তিশালী। আমরাও ছিলাম, কিন্তু তারা সত্যিই দুর্দান্ত ছিল। ইতালীয় ফুটবলের বিপক্ষে খেলা খুব কঠিন।”