স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ডেঙ্গু চিকিৎসায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলো রোগীর ৮০ শতাংশ ব্যয় বহন করবে। ডাক্তারের ফিসও ফ্রি করা হয়েছে। রোগী বহন করবে ওষুধ ও খাদ্যসহ বাকি ২০ শতাংশ ব্যয়। আর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে বিনামূল্যে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষা ও ক্লিনিক ব্যয়ের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তিনি বলেন, বেসরকারি সব হাসপাতালে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ডেঙ্গু মোকাবিলায় বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতাও কামনা করেন তিনি।