কুয়েত-বাহরাইন লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কুয়েত ও বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানের কেশম দ্বীপে একটি সামরিক স্থাপনায় হামলা চালানোর কথাও জানিয়েছে মার্কিন বাহিনী।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে অবস্থিত একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, কুয়েতের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র মাঝপথেই বিকল হয়ে পড়ে এবং বাহরাইনের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ও বাহরাইনি বাহিনী ভূপাতিত করে।

এদিকে ইরানের আধা-সরকারি ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দাবি নাকচ করে বলেছেন, আলোচনা অব্যাহত রয়েছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, 'ইরানের সঙ্গে আমাদের আলোচনা নিয়মিত চলছে। আলোচনার ফল কী হবে, তা বলা কঠিন। তবে আমি ইরানকে বলেছি, এখন চুক্তিতে পৌঁছানোর সময়।'

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার অগ্রগতি নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, গ্রহণযোগ্য কোনো সমঝোতায় পৌঁছানোর নিশ্চয়তা না থাকলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ ছাড়া মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানের দিকে যাচ্ছিল এমন একটি তেলবাহী জাহাজকে অবরোধ ভঙ্গের অভিযোগে থামিয়ে দেওয়া হয়েছে। বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ইঞ্জিন কক্ষে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দাবি করেছে সেন্টকম।