যশোরের বেনাপোল সীমান্তসংলগ্ন ভারতীয় ভূখণ্ডে পুশ-ইনের (জোরপূর্বক ঠেলে দেওয়ার) চেষ্টায় ১০-১২ জনের একটি দল দ্বিতীয় দিনের মতো অবস্থান করছে। চলমান এই সীমান্ত পরিস্থিতি ও পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণের জন্য বুধবার (৩ জুন) বেনাপোল সফরে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। সীমান্তজুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে অবস্থানরত দলটিকে সোমবার সারাদিন খোলা মাঠে দেখা গেলেও, মঙ্গলবার সকাল থেকে তীব্র রোদ থেকে বাঁচতে তারা সীমান্তসংলগ্ন একটি আমবাগানের ছায়ায় আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৮০০ মিটার দূরে কাঁটাতারের বেড়ার পাশে ওই বাগানে তারা অবস্থান করছে বলে ধারণা করছেন স্থানীয় কৃষকরা। তবে দলটিতে কতজন নারী বা শিশু রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান নীল পতাকা উড়িয়ে শূন্যরেখায় যান। বিজিবির ২০-২২ সদস্যের দলটি সেখানে প্রায় ১০ মিনিট অবস্থান করলেও বিএসএফের কোনো প্রতিনিধি এগিয়ে আসেনি। পরবর্তীতে বিজিবির দলটি বাংলাদেশ অংশে ফিরে আসে।
সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি স্থানীয় জনসাধারণও সক্রিয় ভূমিকা পালন করছেন। রঘুনাথপুর ও সাদিপুর গ্রামের মানুষ দলবদ্ধভাবে বিভিন্ন পয়েন্টে পাহারা দিচ্ছেন এবং বিজিবি সদস্যদের সহযোগিতা করছেন। রঘুনাথপুর গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য চায়না বেগম কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান করে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি গ্রামবাসীরা বিজিবি সদস্যদের জন্য ঠান্ডা পানি ও শুকনো খাবারের ব্যবস্থাও করেছেন।
যশোর অঞ্চলের বিজিবি রিজিয়ন কমান্ডার মেজর জেনারেল মাহমুদুল হাসান জানিয়েছেন, ভারত থেকে অবৈধ পুশ-ইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এই সংকটে সীমান্ত এলাকার সাধারণ মানুষ যেভাবে বিজিবিকে সহযোগিতা করছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
উদ্ভূত পরিস্থিতি দেখতে বুধবার বেনাপোলে আসছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। দলীয় সূত্র নিশ্চিত করেছে, সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পুশ-ইন ইস্যুর বাস্তব চিত্র পর্যবেক্ষণই তার এই সফরের মূল উদ্দেশ্য। সফরকালে তিনি স্থানীয় বাসিন্দা, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এক বার্তায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে সীমান্ত-সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান হওয়া উচিত।
টানা কয়েকদিন ধরে পুশ-ইনের অভিযোগ, বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় জনসাধারণের নজরদারির কারণে বেনাপোল সীমান্ত বর্তমানে দেশের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।