গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারের পাশে ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে আয়োজিত অবৈধ শিশু কিশোর আনন্দ মেলা বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় অর্ধশতাধিক মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর বাজারের পশ্চিমপাশে একটি ব্যক্তিমালিকানাধীন জমিতে শিশু কিশোর আনন্দ মেলার নামে একটি অবৈধ মেলা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখানে ৪টি বিভিন্ন রাইড ও প্রায় ৩০টি স্টল স্থাপন করা হচ্ছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলমান অবস্থায় এ জাতীয় মেলার কারণে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক অসুবিধা হবে।
তাছাড়া দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে স্থানীয় জনসাধারণের ছেলেমেয়েদের মেলায় কেনাকাটার খরচ মিটানো কঠিন হয়ে পড়বে। আর এসব মেলার প্রধান আকর্ষণ হচ্ছে, জুয়াখেলা, মাদক সেবন ও বিক্রি এবং অশ্লীল নাচ গান। তাছাড়া সম্প্রতি কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাওয়ার এলাকার শান্তি শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপি নেতা বলেন, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলাইমান মোড়ল এ বছর চাঁদপুর বাজার ইজারা নিয়েছেন। সেই সুবাদে তার ছেলে তারেক রহমান দুর্জয় এলাকার স্থানীয় ২৫-৩০ জন বখাটে কিশোরকে নিয়ে এ মেলার আয়োজন করেছে। ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতাকর্মী এ মেলা আয়োজনের ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় তা আয়োজন করতে নিষেধ করেন।
এ বিষয়ে গত বুধবার রাতে তারেকের নেতৃত্বে কিশোরগ্যাংয়ের সদস্যরা সিনিয়র নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মেলা আয়োজন করলে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। যেহেতু প্রশাসনের অনুমতি নেই এবং পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকবে না, তাই এ মেলার আয়োজন কোনভাবেই সমর্থন করা যায় না।
এ বিষয়ে মেলার আয়োজক তারেক রহমান দুর্জয় জানান, স্থানীয় শিশু ও কিশোরদের আনন্দ দিতেই এ মেলার আয়োজন। প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনো অনুমতি মিলেনি। সার্বিক নিরাপত্তার বিষয়টি তার লোকজন দিয়েই রক্ষা করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন।