ব্যক্তিগত জনপ্রিয়তায় লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরা ফুটবল বিশ্বে অনেকটাই এগিয়ে থাকলেও, দলের সব খেলোয়াড়দের মোট মূল্যের বিচারে অনেক পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা ও পর্তুগাল। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে স্কোয়াডের বাজারমূল্যের দিক থেকে বিশ্বের ৪৭টি দেশকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড এবং তৃতীয় স্থানটি দখল করেছে লামিনে ইয়ামালের স্পেন।
ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, এবারের বিশ্বকাপে ফরাসি দলের মোট বাজারমূল্য রেকর্ড ১৩২ কোটি পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২১,৭৮০ কোটি টাকা। ফরাসি শিবিরের সবচেয়ে দামি ফুটবলার অধিনায়ক কিলিয়ান এমবাপে। তাঁর একারই বাজারমূল্য প্রায় ২,৮৫৫ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা হ্যারি কেইনদের ইংল্যান্ড দলের মোট মূল্য ১১৩ কোটি পাউন্ড বা প্রায় ১৮,৬৪৫ কোটি টাকা। ইংলিশ স্কোয়াডের সবচেয়ে দামি ফুটবলার জুড বেলিংহ্যাম, যার বাজারমূল্য প্রায় ২,০১৩ কোটি টাকা।
শীর্ষ ১০টি দামি দল
- ফ্রান্স: ২১,৭৮০ কোটি টাকা
- ইংল্যান্ড: ১৮,৬৪৫ কোটি টাকা
- স্পেন: ১৫,৬৪০ কোটি টাকা
- পর্তুগাল: ১২,৬২২ কোটি টাকা
- জার্মানি: ১২,৩৭৫ কোটি টাকা
- ব্রাজিল: ১১,৩১৮ কোটি টাকা
- নেদারল্যান্ডস: ১০,৩৯৫ কোটি টাকা
- আর্জেন্টিনা: ১০,১৫৭ কোটি টাকা
- নরওয়ে: ৭,৪৫৮ কোটি টাকা
- বেলজিয়াম: ৬,৭৩২ কোটি টাকা
আয়োজক ও এশিয়ার দলগুলোর অবস্থান:
বিশ্বকাপের প্রধান আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ৪,৭১০ কোটি টাকার দল নিয়ে তালিকায় ১৮ নম্বরে রয়েছে। অন্য দুই সহ-আয়োজক কানাডা (২৬ নম্বর, মূল্য প্রায় ২,৫৩০ কোটি টাকা) ও মেক্সিকো (২৭ নম্বর, মূল্য প্রায় ২,৪২৫ কোটি টাকা) অনেকটাই পিছিয়ে।
এদিকে এশিয়ার ফুটবল শক্তিগুলোর মধ্যে সবচেয়ে দামি দল জাপান। প্রায় ৩,৪৭৫ কোটি টাকার দল নিয়ে তারা রয়েছে ২২ নম্বরে। আরেক পরাশক্তি দক্ষিণ কোরিয়া প্রায় ১,৭৭৫ কোটি টাকার দল নিয়ে রয়েছে ৩৩ নম্বরে। আর এবারের বিশ্বকাপে সবচেয়ে কম দামি দল হিসেবে টুর্নামেন্ট শুরু করছে জর্ডান, যাদের পুরো দলের মোট মূল্য মাত্র ২৪৩ কোটি টাকা।