ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামে এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জুনায়েদ কাইছার সৌরভ চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরের খাবার শেষে নিজ ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে পৌর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন জুনায়েদ কায়সার সৌরভ। দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামে যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম বলেন, দুপুরে খাবার শেষে অফিসে ফেরার পথে দাসপাড়া রোডের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন আমাদের সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়সার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।