সোনাগাজীতে হঠাৎ টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড একটি গ্রাম 

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

ফেনীর সোনাগাজী উপজেলায় মাত্র এক মিনিটের টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে একটি গ্রাম। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের খুঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দের সঙ্গে হঠাৎ টর্নেডো আঘাত হানে। মুহূর্তের মধ্যেই চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, শতাধিক গাছ উপড়ে যায় এবং প্রায় ২০টি ছোট-বড় ঘর ক্ষতিগ্রস্ত বা উড়ে যায়। এছাড়া ৩৫টি পরিবারের বিদ্যুৎ মিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হঠাৎ এই দুর্যোগে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বসতঘর, গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিতে অনেক পরিবার চরম দুর্ভোগে পড়েছে।

স্থানীয় বাসিন্দা বৃদ্ধ সাহাব উদ্দিন বলেন, “আমার ৭০ বছরের জীবনে এমন টর্নেডো আর দেখিনি। মনে হয়েছে যেন মুহূর্তের মধ্যে কেয়ামত নেমে এসেছে।”

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের দুর্দশা দেখে উপজেলা প্রশাসনের কাছে সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত