জুলাই আন্দোলনের ১৪শ শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের সাথে বেইমানি বরদাস্ত করা হবে না। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (৩ জুন) মক্কার মোবারক আল মাজেদ হোটেলের কনফারেন্স হলে মক্কা প্রাদেশিক খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত হজ সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার ভুল পথে পরিচালিত হচ্ছে। তাদেরকে সঠিক পথে নিয়ে এসে দেশ পরিচালনায় সকল ধর্ম-বর্ণের মানুষের সাথে মানবিক, সাম্য মর্যাদা সমুন্নত রাখার যে আন্দোলন মজলিস শুরু করেছে—সেই দিকে ধাবিত করতে হবে।
তিনি রাষ্ট্র গঠনে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করে বলেন, আগামী স্থানীয় এবং জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস থেকে প্রবাসীদের মনোনয়ন দেয়া হবে—যাতে করে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তির এসব প্রবাসীরা রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে পারে।
খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমেদ আজিজ এবং দেলোয়ার হুসাইন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান, ময়মসিংহ-২ আসনের এমপি মাওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ, মাওলানা ইসমাইল, মাওলানা ওজিউল্লাহ, মুফতি এমরান হুসাইন, শায়েখ অলিউল্লাহ, মাওলানা আমিরুল্লাহ, জামাল সাত্তার, নুর মোহাম্মদ, নাসির উদ্দীন মনির, মাওলানা হেদায়েত উল্লাহ হাদি উপস্থিত ছিলেন।
এছাড়া হেফাজত ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।