মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে দুটি মিষ্টির দোকানের মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৩ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জেলার লৌহজং উপজেলার কনকসার বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
তিনি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করা এবং উৎপাদিত মিষ্টি উন্মুক্ত অবস্থায় সংরক্ষণ করার অপরাধে অমিত সুইটমিটের মালিক শ্যামল কীর্তনিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই বাজারে দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় প্রীতি মিষ্টান্ন ভান্ডারের মালিক রতন কীর্তনিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।