কর্মকর্তাদের দুই ঘণ্টা কর্মবিরতির আহ্বান

ইসলামী ব্যাংক গ্রাহক আন্দোলন অব্যাহত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে একাত্মতা পোষণ করে ব্যাংকের কর্মকর্তাদের আজ বৃহস্পতিবার দুই ঘণ্টা কর্মবিরতি পালনের আহ্বান জানান তারা।

গতকাল বুধবার রাজধানীর মতিঝিলের দিলকুশায় বিক্ষোভ মিছিল করেছে ব্যাংকটির গ্রাহকদের নামে গড়ে ওঠা সংগঠনটি। এ সময় ফোরামের সভাপতি নুর নবী মানিক বলেন, যেদিন খুরশিদ আলম ইসলামী ব্যাংক টাওয়ারে আসবেন, সেদিন গ্রাহক ফোরাম এই টাওয়ারের সামনে উপস্থিত হবে। তাকে কোনোভাবেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না। এ ছাড়া ঋণখেলাপি ও অভিযুক্ত কোনো পরিচালক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। তারা দাবি করেন, অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে। এর পরেই দিলকুশা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশর মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে।

নতুন চেয়ারম্যানের পদত্যাগে কর্মবিরতি পালনের বিষয়ে, ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এখনো আমাদের পক্ষ থেকে কর্মসূচি বা আন্দোলনের প্রতি সরাসরি সমর্থন দেওয়া হয়নি। 

উল্লেখ্য, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে আসছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।