ক্রেডিট কার্ডে ব্যয় ঊর্ধ্বমুখী

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩৯ এএম

দেশে নগদ অর্থের বিকল্প হিসেবে ক্রেডিট কার্ডের ব্যবহার আরও বেড়েছে। চলতি বছরের মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট ৪ হাজার ২৮৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের মাসের তুলনায় প্রায় ১১ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও দৈনন্দিন কেনাকাটা, বিভিন্ন ব্যাংকের অফার এবং ডিপার্টমেন্টাল স্টোরে কার্ড ব্যবহারের প্রবণতা বৃদ্ধিই এ প্রবৃদ্ধির মূল কারণ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাস এপ্রিলের ৩ হাজার ৮৬৮ কোটি টাকার তুলনায় এ লেনদেন ১০ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। বছরভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কার্ড ব্যবহার বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রয়োজনীয় পণ্যের ব্যয় বাড়লেও ভোক্তাদের কেনাকাটা থেমে নেই। বরং ব্যাংকগুলোর বিভিন্ন ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার, সহজ কিস্তি সুবিধা এবং ডিপার্টমেন্টাল স্টোরে কার্ড গ্রহণের হার বেশি থাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। মে মাসে মোট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারও কিছুটা বেড়েছে। মে মাসে দেশের বাইরে কার্ডের মাধ্যমে ৪২৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি।

অন্যদিকে বিদেশি কার্ডধারীদের বাংলাদেশে ব্যয় কিছুটা কমেছে। মে মাসে বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড দিয়ে দেশে ৩১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে, যা পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর মধ্যে গ্রাহকদের বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। এতে বোঝা যায়, দৈনন্দিন ও পারিবারিক ব্যয় নির্বাহে উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহক এখনো ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীল।

বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যয়ের গন্তব্যের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য ৯ দশমিক ৬০ শতাংশ, থাইল্যান্ড ৮ দশমিক ৮৫ শতাংশ, সিঙ্গাপুর ৭ দশমিক ৮১ শতাংশ, সৌদি আরব ৭ দশমিক ৪৭ শতাংশ, ভারত ৬ দশমিক ৮৯ শতাংশ, মালয়েশিয়া ৫ দশমিক ০৮ শতাংশ, নেদারল্যান্ডস ৪ দশমিক ৮৯ শতাংশ, চীন ৪ দশমিক ৭৮ শতাংশ, কানাডা ৪ দশমিক শূন্য ৩ শতাংশ, অস্ট্রেলিয়া ৩ দশমিক ৯৩ শতাংশ এবং আয়ারল্যান্ড ৩ দশমিক ৫১ শতাংশ। বাকি ১৬ দশমিক ৬৭ শতাংশ লেনদেন হয়েছে বিশ্বের অন্যান্য দেশে।

বিশেষভাবে সৌদি আরবে বাংলাদেশিদের কার্ড ব্যয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। এপ্রিল মাসে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের মধ্যে দেশটির অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানে সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত