প্রধানমন্ত্রীর বিদেশ সফর

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে শীর্ষ বৈঠক ২২ জুন

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে আগামী ২১ জুন মালয়েশিয়া যাবেন। পরদিন ২২ জুন তার সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, অপ্রত্যাশিতভাবে নতুন কোনো দেশে সফরের প্রসঙ্গ না এলে সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর হবে মালয়েশিয়ায়।

এ ছাড়া, চলতি জুনের শেষ সপ্তাহে সরকারপ্রধান হিসেবে তারেক রহমানের চীন সফরের প্রস্তাব আছে। শেষ পর্যন্ত এ সফরটি হলে আগামী ২৫ অথবা ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বেইজিংয়ে তারেক রহমানের বৈঠক হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নিউ ইয়র্ক থেকে ফেরার পর দুটি দেশে প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচি চূড়ান্ত করা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কারা হবেন, তা গতকাল বুধবার পর্যন্ত স্থির হয়নি। তবে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের জট খোলা, দেশটিতে রপ্তানি বৃদ্ধি, আসিয়ানে বাংলাদেশের ভূমিকা বাড়ানো এবং কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোসহ বিভিন্ন বিষয় কুয়ালালামপুরে দুই শীর্ষ নেতার বৈঠকে স্থান পেতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর ভারত, চীন, মালয়েশিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা নিজ নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান।

তারেক রহমান কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন কি না, নাকি ঢাকায় ফিরে পরে বেইজিং যাবেন, তা গতকাল বুধবার পর্যন্ত স্থির হয়নি।

কূটনীতিক কয়েকটি সূত্র জানায়, আগামী ২৫ অথবা ২৬ জুন বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বেইজিংয়ে তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সৌজন্য সাক্ষাতের প্রস্তাব আছে। এ কারণে সফরটি হওয়ার জোরালো সম্ভাবনা আছে। দুটি বৈঠক ঠিক কবে কখন অনুষ্ঠিত হবে, তা ঢাকা থেকে প্রধানমন্ত্রীর বেইজিং পৌঁছানো এবং দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির সঙ্গে সমন্বয়ের ওপর নির্ভর করছে।

চীনে প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশে দেশটির বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।