আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং (এসআইআর) ২০২৬-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থান অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। একইসঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করে নতুন সাফল্যের নজির গড়েছে বিশ্ববিদ্যালয়টি।
প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের বিভিন্ন সূচকে মূল্যায়নের ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগ-কে পেছনে ফেলেছে পবিপ্রবি।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণামূলক প্রকাশনা, আন্তর্জাতিক জার্নালে অবদান এবং একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নের ফলে পবিপ্রবির এই অর্জন সম্ভব হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ অর্জনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এ র্যাঙ্কিং প্রকাশ করে।