ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামে আক্রান্ত মোট ৪৬ শিশুর মৃত্যু হল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৩ শিশু।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ হাজার ৮৫২ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ জনে।

হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা গণমাধ্যমকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। তবে হাম সংক্রমণ প্রতিরোধে পরিবারের সকল সদস্যকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।