সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশে

'গুপ্তলীগের গুপ্তমিছিল’ প্রতিহতে চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রতিহতের আহ্বান জানিয়ে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশে আয়োজিত গতকালের এই মিছিলে প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশ নেন। ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগকে ‘গুপ্তলীগ’ আখ্যা দিয়ে সংগঠনটির ‘গুপ্ত মিছিল’ প্রতিহত করতে নগরবাসী ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। 

মিছিলের ব্যানারে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের ছবি ছিল। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ।

নগরীর লালখান বাজার মোড় থেকে মিছিল বের হয়। নেতাকর্মীরা ওয়াসা, জিইসি, ষোলশহর দুই নম্বর গেইট, মুরাদপুর হয়ে বহদ্দারহাট পর্যন্ত মিছিল নিয়ে যান। 

গত সোমবার নগরীর জিইসি মোড়ে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হয়। হঠাৎ ছাত্রলীগের ‘বড় মিছিল’ নিয়ে বিএনপি নেতাকর্মীরা ফেসবুকে প্রশাসনের বিরুদ্ধে সরব হলে বিশেষ অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৭০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

তবে ফেসবুকে সরব থাকলেও চট্টগ্রাম মহানগর বিএনপি, ছাত্রদল কিংবা অন্য কোনো সহযোগী সংগঠনের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার বিরুদ্ধে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

শুধু সংসদ সদস্য সাঈদ আল নোমানের নির্দেশে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে জানা বলে জানালেন ছাত্রদল নেতা আরিফুর রহমান মিঠু।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু বলেন, ‘ষড়যন্ত্রকারীদের দিন শেষ, সবার আগে বাংলাদেশ— এই স্লোগানে আজকের মিছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের শান্তির বার্তা পৌঁছে দিতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার বিরুদ্ধে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান নির্দেশে নগর ছাত্রদলের আজকের মিছিল।’

নগর ছাত্রদলের সদস্য কামরুল হাসান আকাশ বরেন, ‘চট্টগ্রামে মিছিলের নামে যেই নৈরাজ্য চালাচ্ছে তা হতে দেওয়া হবে না। তারা গুপ্ত মিছিল করে যেই বার্তা দিচ্ছে তা মোটেও শুভকর নয়। দেশের মানুষের উপর গণহত্যা চালিয়ে জনগণের কাছে ক্ষমা না চাইলে, দেশে তাদের পুনরায় রাজনীতি করার কোন সুযোগ নেই।’

এ সময় সিভাসু ছাত্রদলের সদস্য সচিব মো. শাহরিয়ার, নগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন, মোহাম্মদ ইব্রাহিম, নজরুর ইসলাম নিলয়, মো. জিন্নাহ, মোহাম্মদ রকি, জাহাঙ্গীর আলম হৃদয়, হৃদয় আজাদসহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।