শিল্প-সংস্কৃতির গুণী মানুষদের স্মরণে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিকভাবে তাদের স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে। আগামীকাল বিকালে থাকছে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণ। এতে আলোচক হিসেবে থাকবেন তারই সুযোগ্য পুত্র, নির্মাতা নুহাশ হুমায়ূন।
বৃহস্পতিবার (৪ জুন) এক বার্তায় খবরটি জানিয়েছে শিল্পকলা একাডেমি। বিকাল ৪টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান। এতে থাকছে সেমিনার, আলোচনা সভা ও হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্রের প্রদর্শনী।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেমিনার পর্বে ‘চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ: নির্মাণশৈলী ও শিল্পদর্শন’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত চলচ্চিত্র গবেষক ও সমালোচক ড. শাহাদাৎ রুমন। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক অধ্যাপক ড. মতিন রহমান। থাকবেন নুহাশ হুমায়ূন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
সেমিনারের আগে হবে চলচ্চিত্র প্রদর্শনী। বিকাল ৪টায় দেখানো হবে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’, এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে ‘ঘেটুপুত্র কমলা’। এছাড়া হুমায়ূন আহমেদ রচিত জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন বিভিন্ন শিল্পী। আয়োজনটি সবার জন্য থাকবে উন্মুক্ত।