দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের ত্যাগ ও কষ্টের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বলেন, কিছু মানুষের জীবনের গল্প কোনো উপন্যাসে লেখা হয় না। বাংলাদেশের প্রবাসীরা তেমনই একদল মানুষ, যাদের রক্ত-ঘাম ঝরানো পরিশ্রমের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, অথচ তাদের নিজেদের জীবন কাটে অসংখ্য ত্যাগ ও বঞ্চনার মধ্যে।
পোস্টের সঙ্গে প্রবাসীদের সঙ্গে কাটানো কয়েকটি ছবিও প্রকাশ করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, পরদেশে অসুস্থতার সময় পাশে থাকার মতো আপনজন থাকে না। তীব্র জ্বর কিংবা শারীরিক কষ্টের মধ্যেও তারা দেশের পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে কথা বলেন, যাতে প্রিয়জনেরা চিন্তিত না হন।
ডা. শফিকুর রহমান বলেন, বছরের পর বছর ঈদসহ নানা উৎসব প্রবাসীদের কাছে পরিণত হয় একাকীত্বের দিনে। দূরদেশে বসে ভিডিও কলে স্বজনদের আনন্দ দেখতে হয় তাদের। নিজের সন্তানদের বেড়ে ওঠা কিংবা বাবা-মায়ের শেষ সময়ে পাশে থাকার সুযোগ থেকেও বঞ্চিত হন অনেক প্রবাসী।
তিনি আরও বলেন, দিনরাত কঠোর পরিশ্রম ও নানা প্রতিকূলতা সহ্য করে প্রবাসীরা শুধু নিজেদের পরিবার নয়, দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন। অথচ তাদের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের অনেক কিছুই বিসর্জন দিতে হয়।
পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যে জাতির মানুষের আত্মত্যাগ এত গভীর, সেই দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ও নতুন ভোর অবশ্যই আসবে। প্রবাসীদের নীরব ত্যাগের সহযাত্রী হয়ে সবাইকে হাতে হাত রেখে একটি সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের মানুষের ঐক্য, শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।