নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য আবুল কালাম আজাদ পাখিকে (৭২) কিল-ঘুষি মেরে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছিলেন তিনি। এ সময় কতিপয় লোক ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি কার্যালয়ের বাইরে এসে জানতে চান, কিসের কাঠ রাখা হচ্ছে।
কাঠ রাখা ওই ব্যক্তি চেয়ারম্যানকে বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখা হয়েছে। এই কথা শুনে তিনি পরিষদের কার্যালয়ে গিয়ে বসেন।
এরপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আছাদুজ্জামানসহ তার লোকজন এসে অতর্কিত আবুল কালাম আজাদ পাখিকে কিল-ঘুষি মারতে থাকেন। কিল-ঘুষিতে চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বিএনপি নেতা আছাদুজ্জামান বলেন, আমি কেন তাকে (ইউপি চেয়ারম্যান পাখি) মারতে যাব? শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখছিলেন। পাখি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করতে দিবেন না তিনি। তাই পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখতে বাধা দিয়েছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি।
তবে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন জানান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ৫ আগস্টের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। তিনি নলদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।