আর্জেন্টিনাকেও চমকে দিল আলজেরিয়া

জয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে, কিন্তু বিশ্বমঞ্চে মাঠে নামার আগে এই ফলাফলে হয়তো কিছুটা চমকে উঠবে আর্জেন্টিনা শিবির। কারণ, আসন্ন বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই এই আলজেরিয়াকে সামনে পাবেন লিওনেল মেসিরা! বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে গা গরমের ম্যাচে সেই আফ্রিকান দলটির কাছেই ১-০ গোলে হেরে বড় ধাক্কা খেলো ডাচরা।

ম্যাচজুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়ালেও শেষ পর্যন্ত গোল হয়েছে মাত্র একটি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করে আলজেরিয়াকে এক ঐতিহাসিক ও স্মরণীয় জয় এনে দেন ২৪ বছর বয়সী উইঙ্গার আনিস হাজ মুসা। ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে দূরের কোনায় এক জোরালো শটে ডাচদের জাল কাঁপান তিনি। মজার ব্যাপার হলো, ক্লাব ফুটবলে হাজ মুসা খেলেন নেদারল্যান্ডসের ক্লাব ‘ফাইনর্ট’-এর হয়ে। ফলে ক্লাব ফুটবলের চেনা চত্বরেই স্বাগতিকদের স্তব্ধ করে দিলেন এই আলজেরিয়ান।

আলজেরিয়ার এই জয়ের আরেক মহানায়ক গোলকিপার লুকা জিদান। পুরো ম্যাচে নেদারল্যান্ডস আলজেরিয়ার গোলমুখে ১৪টি শট নেয়, যার মধ্যে ৫টি ছিল অন-টার্গেট। তবে কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা যেন এদিন পোস্টে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন; ডাচদের সবকটি আক্রমণই রুখে দেন তিনি। গত এপ্রিলে মুখে আঘাত পাওয়ায় এই ম্যাচে তাকে মাস্ক পরে খেলতে দেখা যায়। আলজেরিয়ার মূল গোলকিপারের জায়গা নিয়ে দলে যে তুমুল লড়াই চলছিল, এই ম্যাচের অতিমানবীয় পারফরম্যান্সের পর বিশ্বকাপে কোচের প্রথম পছন্দ হয়তো লুকা জিদানই হতে যাচ্ছেন।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য দাপট ছিল নেদারল্যান্ডসেরই। প্রথম ২৫ মিনিটে বেশ কিছু নিশ্চিত সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে চেনা ছন্দ ফিরে পায় আলজেরিয়া। বিপুল সংখ্যক সফরকারী সমর্থকের গর্জনে উজ্জীবিত হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেয় তারা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে লড়েছে আফ্রিকান দলটি, তাতে এই জয় তাদের প্রাপ্যই ছিল।

এই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই আসন্ন বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

অন্যদিকে, বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে নিজেদের মাটিতে এই পরাজয় নেদারল্যান্ডসের জন্য মস্ত বড় এক ধাক্কা। ম্যাচ শেষে ডাচ কোচ রোনাল্ড কোম্যান তার হতাশা লুকিয়ে রাখেননি। তিনি বলেন, ‘আমি হারতে তীব্র ঘৃণা করি। এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল। নিজেদের মাঠে আমাদের এই ধরনের ম্যাচ জেতা উচিত, আমাদের র‌্যাংকিংও সেটাই দাবি করে। প্রথম ২৫ মিনিটে খেলা আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল, তা না করায় আমরা নিজেদের ম্যাচ নিজেরাই কঠিন করে তুলেছি। তবে এটাকে আমরা একটা ‘ওয়েক-আপ কল’ (জেগে ওঠার ডাক) হিসেবে দেখছি।’

দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইকের কণ্ঠেও ছিল একই সুর, ‘দেশ থেকে বিদায় নেওয়ার আগে এমন পারফরম্যান্স কারও প্রত্যাশিত নয়। এই ম্যাচে আমাদের অন্তত ২-০ গোলে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি, আমাদের ধার দ্রুত ফিরে আসবে এবং এখন থেকে আমরা সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারব। তবে এটি ইতিবাচক যে বেশিরভাগ ফুটবলার খেলার সুযোগ পেয়েছে, কিন্তু অবশ্যই আমরা হারার জন্য মাঠে নামি না।’

যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের আগে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যেখানে নিউ ইয়র্কে আগামী সোমবার তাদের প্রতিপক্ষ আসরের নবাগত দল উজবেকিস্তান। এরপর আগামী ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। গ্রুপ ‘এফ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

এদিকে, বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী বুধবার বলিভিয়ার মুখোমুখি হবে আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা আলজেরিয়া।