সাফ নারী ফুটবল আসরের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে উজ্জীবিত বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে যেন দলের দৃশ্যপট পাল্টে গেছে। মায়ের মৃত্যুর শোক ভুলে উজ্জীবিত শিউলি আজিম। সতীর্থদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তবে ইনজুরিতে পড়ায় মনিকা চাকমাকে ফাইনালে নাও পেতে পারেন কোচ পিটার বাটলার। বৃহস্পতিবার দলের সহকারী কোচ আবুল হোসেন জানিয়েছেন, সেমিফাইনালে নেপালের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয় পাওয়ার পর দলের মনোবল অনেক বেড়েছে। একই সঙ্গে ফাইনালকে সামনে রেখে ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তারা।
নেপালের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে আবুল হোসেন বলেন, ‘নেপাল শক্তিশালী প্রতিপক্ষ হলেও বাংলাদেশের মেয়েরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে।’ তার মতে, বর্তমান দলে সিনিয়র ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে উঠেছে, যা দলকে ইতিবাচক ফল এনে দিচ্ছে। সহকারী কোচ যোগ করেন, ‘নেপালও ভালো দল। তারা পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নেমেছিল। আমাদের দলেও অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণ রয়েছে। মেয়েরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং ভালো খেলেছে।’
সেমিফাইনালের চাপ সামলানোর বিষয়টিও তুলে ধরেন এই কোচ। তিনি জানান, গ্রুপ পর্বে একটি ম্যাচে পরাজয়ের কারণে দলের ওপর কিছুটা মানসিক চাপ ছিল। তবে সেই পরিস্থিতি কাটিয়ে উঠে খেলোয়াড়রা দৃঢ়তা দেখিয়েছে। পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে এসে জয় তুলে নেওয়াকে তিনি দলের মানসিক শক্তির বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া প্রসঙ্গে আবুল হোসেন বলেন, ‘ভারত সম্পর্কে বাংলাদেশের পরিষ্কার ধারণা রয়েছে। দুই দলের মধ্যে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা থাকায় প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে কোচিং স্টাফ ভালোভাবেই অবগত। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও তা শিক্ষার অংশ হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘ভারতের বিপক্ষে আমরা গ্রুপ পর্বে খেলেছি। সেই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কীভাবে তাদের বিপক্ষে খেলতে হবে, তা নিয়ে কোচিং স্টাফ ও ম্যাচ বিশ্লেষকরা কাজ করেছেন। ফাইনালের আগে আমাদের আরও একটি অনুশীলন সেশন আছে। সেখানে পরিকল্পনাগুলো নিয়ে কাজ করা হবে।’
ফাইনাল ম্যাচকে ‘ফিফটি-ফিফটি’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুই দলই শক্তিশালী। তবে যে দল মানসিকভাবে বেশি উজ্জীবিত থাকবে, তারাই শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। বাংলাদেশের মেয়েরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে, দলের সামগ্রিক পরিস্থিতি নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছেন সহকারী কোচ। ব্যক্তিগত একটি কঠিন সময় পার করা খেলোয়াড় শিউলির মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান তিনি। দলের পক্ষ থেকে শিউলির প্রতি সমর্থন জানানো হয়েছে এবং সেমিফাইনালের জয়ও তার উদ্দেশে উৎসর্গ করা হয়েছে।
অন্যদিকে ইনজুরি নিয়ে বড় কোনো দুশ্চিন্তা নেই বলেই জানিয়েছেন আবুল হোসেন। তবে মিডফিল্ডার মনিকা চাকমা সেমিফাইনালে সামান্য চোট পেয়েছেন। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দলের ফিজিও তাকে দ্রুত সুস্থ করে তুলতে কাজ করছেন। অনুশীলনে অংশগ্রহণের পরই তার ফাইনালে খেলার সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সব মিলিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা ও শিউলি আজিমরা।