দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক  

ভারতের রাজধানী নয়াদিল্লির মালব্য নগর এলাকায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট বোন ও ভগ্নিপতিও গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত যুবকের নাম নূরুল আমিন সোহাগ (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গীশ্বর গ্রামের বাসিন্দা এবং আব্দুস সোবহানের ছেলে। নিহতের বিষয়টি শুক্রবার (০৫ জুন) সকালে নিহতের চাচাত ভাই হুমায়ুন কবির পাটোয়ারী নিশ্চিত করেন। 

জানা যায়, চিকিৎসার উদ্দেশ্যে সোহাগ তার ছোট বোন ও ভগ্নিপতিকে নিয়ে সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান। সেখানে তারা মালব্য নগরের হাউজ রানি এলাকার একটি পাঁচতলা আবাসিক ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেলে অবস্থান করছিলেন।

বুধবার (৩ জুন) সকালে হোটেলটিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নূরুল আমিন সোহাগের মৃত্যু হয়।

এদিকে, অগ্নিকাণ্ডে সোহাগের ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের উদ্ধার করে দ্রুত দিল্লির ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিবার।

নিহতের চাচাত ভাই হুমায়ুন কবির পাটোয়ার জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন সোহাগ। পরিবারের সদস্যরা বর্তমানে গভীর শোকাহত এবং মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, পরিবারের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। যত ধরনের সহযোগিতার প্রয়োজন তার আশ্বাস আমরা দিয়েছি। আর প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় লাশ আনার বিষয়ে কাজ করছে।