খুলনার বহুল আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান আসামি রফিক গ্রেপ্তার

খুলনার বহুল আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক হাওলাদারকে (ট্রাক ড্রাইভার) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বরিশাল জেলার সদর থানার কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে খুলনা সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। 

গত ২৯ মে শুক্রবার ঈদের দ্বিতীয় দিন রাতে দুই শিশুসহ একজন নারীকে নির্মমভাবে হত্যার অভিযোগে অভিযুক্ত তিনি। রফিক দৌলতপুর থানা এলাকার বাসিন্দা মো. আলমঙ্গীর হাওলাদারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৯ মে সন্ধ্যায় সোনাডাঙ্গা মডেল থানার দারুল আমান মসজিদ রোড এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বেবী বেগম ও তার দু’নাতি শামীম ও মুস্তকিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময়ের পাশের ঘরে রফিক হাওলাদার ও তার স্ত্রী ছিল। লাশগুলো উদ্ধার হওয়ার পর থেকে শিশু দুটির সৎ বাবা রফিক হাওলাদার পালিয়ে যায়। তখন সন্দেহের তীর ওঠে রফিক হাওলাদের দিকে। অবশেষে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৬ তাকে বরিশাল সদর থানার কাশিপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। এখন রফিক হাওলাদার কে জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সাথে দুই শিশু সন্তানের মা অথবা অন্য কোন ব্যক্তি জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।