ফরিদপুরের চরভদ্রাসনে হালচাষের সময় ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে গিয়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকার বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত গরমের কারণে রাত ১২টার পর কৃষিকাজের জন্য জমিতে হালচাষ করার সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক জয় বিশ্বাস।
পরদিন সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ট্রাক্টরের নিচ থেকে জয় বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে চরভদ্রাসন থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।