সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির একটি প্রত্যন্ত অঞ্চলে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে তীব্র গরমে ও তৃষ্ণায় ৪৯ জন যাত্রীর করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

আগাডেজ গভর্নরেটের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে, নিহত ব্যক্তিরা একটি মুসলিম উৎসব বা ধর্মীয় অনুষ্ঠান শেষ করে মালি থেকে দেশে ফিরছিলেন। পথিমধ্যে তাদের কাছে থাকা পানি ফুরিয়ে গেলে তারা তীব্র সংকটে পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই ৪৯ জন ব্যক্তি আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত মরুভূমি এলাকায় তৃষ্ণার্ত হয়ে মারা যান।

ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও ২ জন যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরতে সক্ষম হয়েছেন। তারা পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে প্রথমে কাছের একটি পানির উৎসে পৌঁছান এবং সেখান থেকে আসামাকা শহরে গিয়ে কর্তৃপক্ষকে পুরো বিষয়টি অবিহিত করেন। তাদের তথ্যের ভিত্তিতেই প্রশাসন বিষয়টি জানতে পারে।

উল্লেখ্য, আসামাকা হলো নাইজার ও আলজেরিয়ার মধ্যকার একটি প্রধান সীমান্ত পারাপার বা ক্রসিং পয়েন্ট, যা মালির সীমান্তেরও বেশ কাছাকাছি অবস্থিত।

গভর্নরেট থেকে বিস্তারিত জানিয়ে বলা হয়েছে, ‘পানি ফুরিয়ে যাওয়া এবং চালক, তার সহকারী ও যাত্রীদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও গাড়িটি মেরামত করতে না পারায়, যাত্রীরা একটি অত্যন্ত বৈরী পরিবেশের মধ্যে আটকা পড়েন। সেখানে তীব্র তাপমাত্রা এবং কোনো পানির উৎস না থাকায় বেঁচে থাকা চরম কঠিন হয়ে পড়েছিল।’ পরবর্তীতে নিহতদের একটি গণকবরে সমাহিত করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে অভিবাসনপ্রত্যাশীদের জন্য এই মরুভূমি অঞ্চলটি একটি পরিচিত ট্রানজিট পয়েন্ট। এর আগেও এই অঞ্চলের তপ্ত বালুচরে তৃষ্ণা ও ক্ষুধায় কাতর হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে।